আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত ইমাম হুসাইন (আ.) মসজিদে বিশেষ শোক মজলিশ গত বৃহস্পতিবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক আহলে বাইত (আ.) এর অনুসারীর অংশগ্রহণের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এতে দুবাইয়ে বসবাসরত ইরানিরা ছাড়াও ইসলামি প্রজাতন্ত্র ইরানের কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মাগরিব ও এশার নামায আদায়ের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের বক্তা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনের বিভিন্ন নৈতিক দিকের উপর আলোকপাত করে বক্তব্য প্রদানকালে তাঁকে সকল মুসলমানদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেন।
এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে দোয়ায়ে কুমাইল পাঠ করেন এবং অনুষ্ঠানের শেষাংশে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর উপর আরোপিত মুসিবত স্মরণ করে মাসায়েব পরিবেশিত হয়।#

